ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করার কার্যক্রম শুরু হলো আজ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং হাসপাতালকে পর্যায়ক্রমে ২৫০ শয্যায় উন্নীত করার লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার গণপূর্ত বিভাগের কর্মকর্তারা হাসপাতাল এলাকা পরিদর্শন শেষে ডিজিটাল ম্যাপিং কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো সম্প্রসারণ এবং নতুন ভবন নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান হাসপাতাল ভবনের সম্প্রসারণের পাশাপাশি নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে আগামী ৩০ বছরের কর্মপরিকল্পনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তরের প্রস্তাবনা দিয়েছেন ফরিদপুর-৪ আসনের এমপি জনাব শহিদুল ইসলাম খান বাবুল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম বলেন, “ভাঙ্গা উপজেলার ক্রমবর্ধমান জনসংখ্যা ও স্বাস্থ্যসেবার চাহিদা বিবেচনায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শয্যা বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে জনগণ আরও উন্নত স্বাস্থ্যসেবা পাবে বলে আমরা আশা করছি।”
স্থানীয়দের মতে, হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি এবং আধুনিক অবকাঠামো নির্মিত হলে ভাঙ্গাসহ আশপাশের উপজেলার মানুষও উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে।
Ekattor Sangbad একাত্তর সংবাদ