ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত বাসের চাপায় আপন দুইভাইসহ মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে শনিবার দিবাগত রাত সোয়া একটার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেল আরোহীরা ফরিদপুরের দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহন মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় গুরুতর আহত অন্যজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকেও মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহতরা হলেন, আরোহী সুমন মন্ডল (২৫) ও তার আপন ভাই ইমন মন্ডল (২২) পিতাঃ করিম মন্ডল ও মো. আশিক মোল্লা (২২)। পিতা শাহিন আলম। তারা সবাই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে। অজ্ঞাত যানটি শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, রোববার সকালে নিহত তিনজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Ekattor Sangbad একাত্তর সংবাদ