ফরিদপুরের ভাঙ্গায় ১৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার ছিলাদরচর সদরদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫৮ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯৫ (একশত পঁচানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবাসহ গ্রেফতার করা হয় আব্দুল শুক্কুর (৫০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে। তিনি মৃত শাহ আলমের ছেলে। তার বাড়ি রাঙ্গামাটি জেলার কোতয়ালী থানার মসজিদ কলোনী এলাকায়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গা ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ আরও জানায়, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
Ekattor Sangbad একাত্তর সংবাদ