ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তারঃ প্রশংসায় ভাসছেন সর্বত্র
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চম্পা আক্তার( এএলটি)। শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব লিডার (মহিলা) হিসেবে প্রথম স্থান অর্জন করায় প্রশংসায় ভাসছেন সর্বত্র। গত বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ঢাকা বিভাগের মধ্যে সেরা কাব লিডার নির্বাচিত হন। জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ দেশের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাব স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে আসছেন চম্পা আক্তার। নিয়মিত প্যাক মিটিং পরিচালনার পাশাপাশি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।
তার নেতৃত্বে পরিচালিত ইউনিট থেকে এ পর্যন্ত ৫৬ জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে, যা একটি বিরল ও গৌরবজনক সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। কাবিং কার্যক্রমের অংশ হিসেবে তিনি ভারত ও নেপাল সফরও করেছেন। এর আগে ২০১৭ ও ২০২৩ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের গৌরব লাভ করেন তিনি।
চম্পা আক্তারের এ অর্জনে ভাঙ্গা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে নিয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভাঙ্গা উপজেলার বিশিষ্ট ধারাভাষ্যকার ফরহাদ নান্নু বলেন,
“চম্পা ম্যাডামের এই অসাধারণ অর্জন ভাঙ্গা উপজেলার জন্য অত্যন্ত গৌরবের। তার নিষ্ঠা, পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা এসেছে। ভবিষ্যতেও তিনি আরও বড় সাফল্য অর্জন করবেন বলে আমরা প্রত্যাশা করি।”
বিদ্যালয়ের কাব শিক্ষার্থী সানজামা ইসলাম মিম, জয়িতা ঘোষ, তাসনিম হাসান, সৈয়দ আহমদ আল জামি ও বায়োজিদ হাসান বলেন,
“ম্যাডাম অত্যন্ত স্নেহশীল ও ভালো মনের মানুষ। তিনি আমাদের নিজের সন্তানের মতো ভালোবাসেন এবং নিয়মিত কাব প্রশিক্ষণ দেন। তার এই সাফল্যে আমরা খুবই গর্বিত।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান মনির বলেন,
“চম্পা ম্যাডাম একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ কাব শিক্ষক। তিনি অত্যন্ত যত্ন ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তার এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
চম্পা আক্তারের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভাঙ্গা উপজেলার শিক্ষা ও স্কাউটিং অঙ্গনের জন্যও এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তার এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব, সেবামূলক কর্মকাণ্ড এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ ব্যাপারে সহকারী শিক্ষক আমানত আলী বলেন,স্কাউট নিয়ে কাজ করে শিক্ষার্থীদেরকে আমুল পরিবর্তন ঘটিয়েছেন।যাতে স্কাউট শিক্ষা এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন।ইতিমধ্যে তিনি দুটি দেশ ভ্রমণ করেছেন যা কাজের স্বীকৃতির বহিঃপ্রকাশ।
ভাঙ্গা, ফরিদপুর।
তারিখ : ১০ জুন ২০২৬
Ekattor Sangbad একাত্তর সংবাদ